বাসস
  ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৮

বিশ্বকাপের শুরুতে নেই হ্যাজেলউড

ঢাকা, ২ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড। একিলিস ইনজুরি থেকে এখনও সুস্থ হতে পারেননি তিনি। মাঠে ফিরতে ১০ থেকে ১২ দিন সময় লাগতে পারে হ্যাজেলউডের। তাই বিশ্বকাপের জন্য দলের সাথে শ্রীলংকায় যাচ্ছেন না এই অভিজ্ঞ পেসার। 

আপাতত সিডনিতেই হ্যাজেলউড পুনবার্সন চালিয়ে যাবেন বলে নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার নির্বাচক টনি ডডেমেইড। তিনি বলেন, ‘আমাদের মনে হয়েছে, শ্রীলংকায় যাওয়ার আগে ঘরের আঙিনায় চেনা আবহে পুনর্বাসন চালিয়ে যাওয়াই হবে হ্যাজেলউডের জন্য বেশি বাস্তবসম্মত ও সুবিধাজনক। দলের সাথে কবে নাগাদ যুক্ত হবেন, সেটি এখনই বলা যাচ্ছে না।’ 

হ্যাজেলউডের জায়গায় ‘ট্র্যাভেলিং রিজার্ভ’ হিসেবে দলে যুক্ত করা হয়েছে আরেক পেসার শন অ্যাবটকে।

ইনজুরি কাটিয়ে বিশ্বকাপ দলের সাথে যোগ দিচ্ছেন টিম ডেভিড ও ন্যাথান এলিস। গতকাল শেষ হওয়া পাকিস্তান সিরিজে বিশ্রামে ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। বিশ্বকাপ দলে যোগ দেবেন তিনিও। বিশ্বকাপের ম্যাচ খেলতে কাল শ্রীলংকায় পৌঁছাবে অস্ট্রেলিয়া দল। 

ডডেমেইড বলেন, ‘ইনজুরি থেকে সদ্য ফিরেছেন ন্যাথান। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, পেস বোলিংয়ের বিকল্প হিসেবে শনকে দলের সঙ্গে রাখা হবে। যেন জরুরি প্রয়োজনের অল্প সময়ের মধ্যে তাকে কাছে পাওয়া যায়।’

মূল লড়াইয়ে নামার আগে নেদারল্যান্ডসের বিপক্ষে আগামী ৫ ফেব্রুয়ারি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ১১ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে অসিরা।