শিরোনাম

ঢাকা, ২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : নেপালের পোখরা রঙ্গশালা স্টেডিয়ামে আজ সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশীপে ভারতকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। আসরে টানা দ্বিতীয় জয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে লাল সবুজের প্রতিনিধিরা।
এর আগে উদ্বোধনী ম্যাচে ভুটানকে ১২-০ গোলে বিধ্বস্ত করেছিল পিটার বাটলারের শিষ্যরা। দুই জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে তারা। অন্যদিকে ভারত দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে বাংলাদেশের পরে দ্বিতীয় স্থানে রয়েছে।
নেপাল ও ভুটান উভয় দলই তাদের প্রথম ম্যাচে পরাজিত হয়েছিল।
আজকের ম্যাচে ২৯ মিনিটে অধিনায়ক অর্পিতা বিশ্বাসের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন আলপি আক্তার।
বিরতির পরও বাংলাদেশের আধিপত্য বজায় ছিল। ভারত বেশ কয়েকটি আক্রমন করেও ম্যাচে ফিরে আসতে পারেনি।
আগামী বুধবার একই ভেন্যুতে বাংলাদেশ তাদের পরবর্তী ম্যাচে নেপালের মুখোমুখি হবে।
এই আসরে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান এই চারটি দেশ অংশ নিচ্ছে। প্রতিটি দল একে অপরের সাথে লড়াই করে পয়েন্ট তালিকায় থাকা শীর্ষ দুই দল ফাইনালে মোকাবেলা করবে।
আগামী ৭ ফেব্রুয়ারি অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশীপের ফাইনাল অনুষ্ঠিত হবে।