বাসস
  ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৮

রাজশাহীতে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। ছবি: বাসস

রাজশাহী, ৭ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : রাজশাহী মহানগরীতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের পেশাদারিত্ব নিশ্চিতকরণে অধিকার ও পেশাগত দায়িত্ববোধ সম্পর্কিত আইন বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিল রাজশাহী সার্কিট হাউসে এ কর্মশালার আয়োজন করে।

রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হকিম।

এ সময় প্রধান অতিথি সংবাদপত্র ও সাংবাদিকদের বিভিন্ন আইন সম্পর্কে অবহিত করেন। সাংবাদিকদের সুষ্ঠু ও শৃঙ্খলার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান।

পরে প্রশ্ন উত্তর পর্বে অতিথিরা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এ কর্মশালায় জেলা তথ্য অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।