শিরোনাম

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান এস এম আমজাদ হোসেনের প্রতি সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ দুদক প্রধান কার্যালয়ে আয়োজিত নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
দুদক জানায়, প্রাথমিক অনুসন্ধানে তার নামে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৫৯ লাখ ৮৬ হাজার ২৫৬ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে ভারত ও যুক্তরাষ্ট্রে তাঁর মালিকানাধীন একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বলেও অনুসন্ধানে উঠে এসেছে। দেশে-বিদেশে তাঁর আরও বেনামী সম্পদ থাকার জোরালো সম্ভাবনা রয়েছে।
দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, এস এম আমজাদ হোসেনের নামে ৩০ কোটি ৯৪ লাখ ১৮ হাজার ১৬০ টাকা মূল্যের স্থাবর সম্পদ এবং ১ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৮৯৩ টাকা মূল্যের অস্থাবর সম্পদ রয়েছে। অর্থাৎ স্থাবর ও অস্থাবর মিলিয়ে তার অর্জিত মোট সম্পদের মূল্য দাঁড়ায় ৩২ কোটি ৫৭ লাখ ৮৫ হাজার ৫৩ টাকা।
এ ছাড়া পারিবারিক ও অন্যান্য জীবনযাত্রার ব্যয়সহ তার মোট খরচের পরিমাণ পাওয়া গেছে ১৩ কোটি ৫৭ লাখ ৯০ হাজার ৯৪৪ টাকা। ফলে অর্জিত মোট সম্পদ ও পারিবারিক ব্যয় মিলিয়ে তাঁর অর্জনের পরিমাণ দাঁড়ায় ৪৬ কোটি ১৫ লাখ ৭৫ হাজার ৯৯৭ টাকা।
এর বিপরীতে অনুসন্ধানে তার ৪৫ কোটি ৫৫ লাখ ৮৯ হাজার ৭৪১ টাকার গ্রহণযোগ্য আয়ের বৈধ উৎস পাওয়া গেছে। হিসাব অনুযায়ী, তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ দাঁড়ায় ৫৯ লাখ ৮৬ হাজার ২৫৬ টাকা।
দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন অনুসন্ধান শেষে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে আমজাদ হোসেনের অর্জিত সম্পদের বিপরীতে দাখিল করা আয়-ব্যয় ও দায়-দেনাসহ বিভিন্ন উৎসের প্রামাণিক দলিল বিস্তারিতভাবে যাচাই এবং তার নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদের সঠিকতা নিরূপণের জন্য সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সুপারিশ করা হয়।
অনুসন্ধানকারী কর্মকর্তার প্রতিবেদনের সুপারিশের আলোকে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় এস এম আমজাদ হোসেনের নিকট সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত নেয় কমিশন।
এই নির্দেশের মাধ্যমে তার ঘোষিত জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পাশাপাশি ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা ব্যবসায়িক বিনিয়োগ এবং দেশে-বিদেশে অবস্থিত অন্যান্য সম্ভাব্য গোপন সম্পদের তথ্য গভীরভাবে যাচাই-বাছাই করা হবে।