শিরোনাম

বাগেরহাট, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও চারা পরিচর্যার পাশাপাশি মানুষের আমিষের চাহিদা পূরণে মৎস্য সম্পদ বৃদ্ধিতে সবাইকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে।
আজ বাগেরহাটের মোংলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানকালে প্রতিমন্ত্রী মোংলা উপজেলা পরিষদ চত্বরের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন এবং পুকুরপাড়ে একটি চারাগাছ রোপণ করেন।
বক্তব্যে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, “১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনমানুষের দল বিএনপির প্রতিষ্ঠা করেছিলেন। আমরা সেই দলের কর্মী হিসেবে দলের দূরদর্শী প্রতিষ্ঠাতাকে আজ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।”
তিনি আরও বলেন, “কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ আমরা বৃক্ষরোপণ করার পাশাপাশি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেছি। আশা করি, এ ধরনের ইতিবাচক ও উৎপাদনমুখী কর্মকাণ্ডের মধ্য দিয়ে দেশের প্রতিটি জনপদ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।”
মৎস্য সম্পদ ও প্রকৃতির সুরক্ষার বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করে প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষের প্রয়োজনীয় আমিষের চাহিদা পূরণে মৎস্য ক্ষেত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অন্যদিকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সারা দেশে বর্তমানে বৃক্ষরোপণের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা দেশের পরিবেশের জন্য অত্যন্ত জরুরি ও সময়োপযোগী।
এ সময় তিনি বিএনপির নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণকে পরিত্যক্ত জলাশয়ে মৎস্য চাষ এবং বেশি করে গাছ রোপণ ও তার যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিমন্ত্রীর নেতৃত্বে মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোস্টগার্ড সংলগ্ন শ্রমিক-কর্মচারী সংঘ চত্বরে গিয়ে শেষ হয়।
উক্ত র্যালিতে মোংলা পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, বিএনপি নেতা শেখ রুস্তুম আলী, নাসির তালুকদার, গোলাম নুর জনি, বাবলু ভূঁইয়া ও মোস্তাফিজুর রহমান জনিসহ স্থানীয় অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।