বাসস
  ৩১ আগস্ট ২০২৬, ১২:১৪

শাহজালালে সিআইআইডির অভিযানে ৬২৫ কার্টন সিগারেট আটক

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৬ (বাসস) : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) বি ও সি-শিফটের পৃথক অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, হোয়াইটেনিং সিরাম, জর্দা ও বিদেশি লিকার আটক করা হয়েছে।

দুই শিফটের অভিযানে আটক পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা। আজ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহাপরিচালকের কাছে পাওয়া নির্ভরযোগ্য গোপন তথ্যের ভিত্তিতে বি-শিফট দুবাই থেকে আগত এমিরেটসের ইকে-৫৮৪ (EK584) ফ্লাইটে বিশেষ নজরদারি চালায়। গ্রিন চ্যানেল অতিক্রমের সময় যাত্রী মো. হিমেলের (পাসপোর্ট নম্বর : A16137538) ব্যাগেজ তল্লাশি করে ২৭০ কার্টন সিগারেট ও ১ দশমিক ২৪ কেজি হোয়াইটেনিং সিরাম আটক করা হয়। একই ফ্লাইটের যাত্রী শারমিন আক্তারের (পাসপোর্ট নম্বর : A15558837) কাছ থেকে আরও ২৭০ কার্টন সিগারেট জব্দ করা হয়।

বি-শিফটের অভিযানে মোট ৫৪০ কার্টন সিগারেট ও ১ দশমিক ২৪ কেজি হোয়াইটেনিং সিরাম আটক করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৮০ হাজার টাকা।

অন্যদিকে, সি-শিফট দিল্লি থেকে আগত এয়ার ইন্ডিয়ার (Air India) এআই-২৩৭ (AI237) ফ্লাইটে নজরদারি চালানো হয়।

এনবিআর জানায়, রাত আনুমানিক ২টা ১০ মিনিটে ফ্লাইটটি অবতরণের পর যাত্রী মাহাথে হাসান বাবুর (পাসপোর্ট নম্বর : A12376700) কাছ থেকে ৩১ কার্টন সিগারেট ও ১৩২ পিস হোয়াইটেনিং সিরাম এবং সোহোদুল হাসান শাকিলের (পাসপোর্ট নম্বর : A09913003) কাছ থেকে ৫৪ কার্টন সিগারেট, ১৪৪ পিস হোয়াইটেনিং সিরাম ও ৩ কেজি জর্দা আটক করা হয়।

এছাড়া কাতার থেকে আগত কিউআর-৬৪০ (QR640)  ফ্লাইটের যাত্রী রফিকুল সরদারের (পাসপোর্ট নম্বর : A21565755)  ব্যাগ তল্লাশি করে ৩ লিটার বিদেশি লিকার আটক করা হয়।

এনবিআর জানায়, সি-শিফটের অভিযানে মোট ৮৫ কার্টন সিগারেট, ২৭৬ পিস বিসকস হোয়াইটেনিং সিরাম, ৫ কেজি জর্দা ও ৩ লিটার লিকার আটক করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ২০ হাজার টাকা।

এনবিআর জানায়, একদিনে দুই শিফটের সমন্বিত অভিযানে মোট ৬২৫ কার্টন সিগারেটসহ বিপুল পরিমাণ বিদেশি পণ্য আটক করা হয়েছে। বিমানবন্দরে চোরাচালান ও ব্যাগেজ সুবিধার অপব্যবহার রোধে এ ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।