শিরোনাম

সুনামগঞ্জ, ২৯ আগস্ট, ২০২৬ (বাসস): জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ও সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় গতকাল শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে হাছন রাজা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরীর সভাপতিত্বে ও জেলা শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক সৌরভ অধিকারী অয়নের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. জাকির হোসেন, সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শেরগুল আহমেদ, কবি ও প্রাবন্ধিক সুখেন্দু সেন, সংগীতশিল্পী ছানা গোপাল সরকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা পর্বে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাম্যবাদী চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন।
তারা বলেন, নজরুলের সাহিত্যকর্ম বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, মানবতা ও শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদের অনন্য দৃষ্টান্ত। নতুন প্রজন্মের মাঝে কবি নজরুলের জীবন ও কর্মের চর্চা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
আলোচনা সভা শেষে নজরুলের রচনা ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।