শিরোনাম

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৬ (বাসস) : নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা এবং মশক নিধন ও জলাবদ্ধতা নিরসনে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
তিনি বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রমে কোনো অজুহাত চলবে না। দায়িত্ব পালনে গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
আজ মঙ্গলবার নগর ভবনে বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধন ও জলাবদ্ধতা নিরসন তদারকি কমিটির সদস্য, পরিচ্ছন্নতা পরিদর্শক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে আয়োজিত সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, ‘পরিচ্ছন্নতা নিশ্চিত করা সিটি কর্পোরেশনের অন্যতম মৌলিক দায়িত্ব। নগরীর কোথাও পরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ পাওয়া গেলে বা অহেতুক বিলম্ব হলে তা বরদাশত করা হবে না। নির্ধারিত সময়ে বর্জ্য অপসারণে ব্যর্থতা বা কর্তব্যে অবহেলা প্রমাণ হলে সংশ্লিষ্টদের চাকরি বিধিমালা অনুযায়ী কড়া জবাবদিহি ও শাস্তির আওতায় আনা হবে।’
তিনি যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাস্তাঘাট, ফুটপাত কিংবা খোলা স্থানে আইন অমান্য করে ময়লা ফেললে আইন অনুযায়ী জরিমানা ও অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সভায় মাঠপর্যায়ে নিয়মিত মনিটরিং নিশ্চিত করা, নাগরিকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট দলগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর জন্য কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।
সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব, তদারকি কমিটির আহ্বায়ক ও সদস্যবৃন্দ এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।