বাসস
  ২৫ আগস্ট ২০২৬, ১৯:২৮

বেড়া পৌরসভার সাবেক মেয়র আসিফ শামসের বিরুদ্ধে দুদকের মামলা

ঢাকা, ২৫ আগস্ট, ২০২ ৬ (বাসস) : নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় পাবনার বেড়া পৌরসভার সাবেক মেয়র এস. এম. আসিফ শামসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় নন-সাবমিশন মামলা দায়ের করা হয়েছে।

আজ মঙ্গলবার কমিশনের নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম।

দুদকের অনুসন্ধানে জানা যায়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শামসুল হক টুকুর বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অর্থনৈতিক অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানকালে তার ছেলে এস. এম. আসিফ শামসের নামে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সুপারিশ করা হয়।

এর পরিপ্রেক্ষিতে আসিফ শামসের নামে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়। গত ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে তার স্থায়ী ঠিকানায় দুজন সাক্ষীর উপস্থিতিতে সম্পদ বিবরণীর ফরম জারি করা হয়।

আদেশ অনুযায়ী, সম্পদ বিবরণী দাখিলের জন্য নির্ধারিত ২১ কার্যদিবস গত ১৮ ফেব্রুয়ারি শেষ হলেও আসিফ শামস কমিশনে সম্পদ বিবরণী দাখিল করেননি। এমনকি নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিলের সময় বাড়ানোর জন্যও কোনো আবেদন করেননি।

এ কারণে নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় নন-সাবমিশন মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শামসুল হক টুকুর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ে ২০২৫ সালে ২৩ ডিসেম্বর একটি মামলা করা হয়। এটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

এছাড়া শামসুল হক টুকুর অপর ছেলে এস. এম. নাসিফ শামস এবং তার স্ত্রী মুমতাহিনা মোস্তফার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়েছে। তাদের বিষয়টি বর্তমানে অনুসন্ধানাধীন রয়েছে।