শিরোনাম

ঢাকা, ২০ আগস্ট, ২০২৬ (বাসস) : পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা পরিষদ পুনর্গঠন করেছে সরকার। একজন চেয়ারম্যান এবং ১৪ জন করে সদস্য নিয়ে নতুন অন্তর্বর্তীকালীন এই পরিষদ গঠন করা হয়েছে।
পুনর্গঠিত পরিষদে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দীপন তালুকদার, খাগড়াছড়িতে ম্রাসা থোয়াই মারমা এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মাম্যাচিং নিয়োগ পেয়েছেন।
আজ বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে মন্ত্রণালয়ের পরিষদ-১ শাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘পার্বত্য জেলা পরিষদ আইন-১৯৮৯, তিন জেলা পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৭-এর ১৬ক(৪) উপধারা এবং তিন পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৪-এর ৪(২) ও ২(২) উপধারার ক্ষমতাবলে এই অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করা হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নতুন পরিষদ সংশ্লিষ্ট আইন ও বিধান অনুযায়ী নিজ নিজ জেলার দায়িত্ব পালন করবে।’
এতে আরও বলা হয়, ‘নতুন এই আদেশের ফলে গত ৭ নভেম্বর (২০২৪) জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত পূর্বের জেলা পরিষদগুলো বাতিল বলে গণ্য হবে। জনস্বার্থে জারি করা নতুন এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।’