শিরোনাম

রাঙামাটি, ৫ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধার মধ্য দিয়ে জেলায় আজ পরমপুরুষ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯৬তম আবির্ভাব (জন্ম) দিবস উদযাপিত হচ্ছে।
আজ শনিবার এ পুণ্য তিথিতে পাহাড়ি কন্যা রাঙামাটির লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রমে দিনব্যাপী নানাবিধ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ ভোরের উষালগ্নে যোগাশ্রম প্রাঙ্গণে মনমুগ্ধকর উষাকীর্তনের মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা ঘটে।
ভোর থেকেই ভক্তদের আগমন ও হরিনাম কীর্তনে পুরো আশ্রম এলাকায় এক মুখরিত ও পবিত্র আবহের সৃষ্টি হয়। কীর্তন শেষে বাবার চরণে বাল্য ভোগ নিবেদন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় পবিত্র শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ ও বিশেষ প্রার্থনা।
ভক্তরা পরম পূজনীয় লোকনাথ বাবার আদর্শ ও নীতি অনুসরণের সংকল্প নিয়ে বিশ্বশান্তি ও সকলের মঙ্গল কামনায় প্রার্থনায় অংশ নেন। দুপুরে ভক্ত ও পূজার্থীদের মাঝে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়।
আশ্রম পরিচালনা কমিটির নেতৃবৃন্দ বাসসকে জানান, প্রতিবছরের ন্যায় এবারও সুশৃঙ্খলভাবে পরমপুরুষ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আবির্ভাব দিবস উদযাপিত হচ্ছে।
দিনটিতে লোকনাথ বাবার কৃপা ও আশীর্বাদ লাভের আশায় ভোর থেকেই হাজারো পুণ্যার্থীর ঢল নেমেছে রাঙ্গামাটি লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রমে।