বাসস
  ০৩ আগস্ট ২০২৬, ১৯:১৩
আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ১৯:১৫

অনলাইনে নারী নিগ্রহ ঠেকাতে বৈশ্বিক প্ল্যাটফর্ম গঠনে ইউএন উইমেনের সহযোগিতা চান শামা

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউএন উইমেনের বাংলাদেশ প্রতিনিধি গীতাঞ্জলি সিং আজ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: মন্ত্রণালয়

ঢাকা, ৩ আগস্ট, ২০২৬ (বাসস) : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম অনলাইনে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা ও হয়রানির ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে এ বিষয়ে ‘ডিজিটাল হয়রানি মোকাবিলায় বৈশ্বিক প্ল্যাটফর্ম’ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের প্রস্তাবে ইউএন উইমেনের সহযোগিতা কামনা করেছেন।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউএন উইমেনের বাংলাদেশ প্রতিনিধি গীতাঞ্জলি সিং প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ বিষয়ে আলোচনা হয় বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে শামা ওবায়েদ ইসলাম নারীর ক্ষমতায়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি বলেন, মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি ফ্যামিলি কার্ড ও ফার্মার কার্ডের মতো জনমুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

নারীদের বিরুদ্ধে ডিজিটাল হয়রানি প্রতিরোধে প্রস্তাবিত বৈশ্বিক প্ল্যাটফর্ম বাস্তবায়নে বাংলাদেশের অংশীদার হওয়ার জন্য তিনি ইউএন উইমেনের প্রতি আহ্বান জানান।

এ ছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে নারী ও কন্যাশিশুর ওপর যে অসম ও অতিরিক্ত প্রভাব পড়ছে, তা মোকাবিলায় ইউএন উইমেনের অব্যাহত সহযোগিতাও কামনা করেন তিনি।

রোহিঙ্গা ইস্যুতে প্রতিমন্ত্রী বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের দ্রুত, নিরাপদ ও স্বেচ্ছাপ্রণোদিত প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘের সংস্থাগুলোর ধারাবাহিক সহায়তা প্রয়োজন।

তিনি মানবিক সহায়তার অর্থায়নের ঘাটতি মোকাবিলা এবং মিয়ানমারে রোহিঙ্গা নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।

বৈঠকে গীতাঞ্জলি সিং বাংলাদেশে নারী ক্ষমতায়ন ও লিঙ্গসমতা প্রতিষ্ঠায় ইউএন উইমেনের চলমান বিভিন্ন কর্মসূচি সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন।

তিনি ইউএন উইমেনের কার্যক্রম বাস্তবায়নে বাংলাদেশ সরকারের ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উভয় পক্ষ নারীর অবস্থান বিষয়ক কমিশনের (সিএসডব্লিউ) ৭১তম অধিবেশনের প্রস্তুতি, নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ (সিডও/সিইডও) বাস্তবায়নে বাংলাদেশের জাতীয় প্রতিবেদন এবং নারী, শান্তি ও নিরাপত্তা (এনএপি-ডব্লিউপিএস) বিষয়ক পরবর্তী জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নের অগ্রগতি নিয়েও মতবিনিময় করেন।