বাসস
  ০৪ জুলাই ২০২৬, ১৬:০৬
আপডেট : ০৪ জুলাই ২০২৬, ১৬:৫৯

শিল্পী শবনম মুশতারীকে সরকারের আর্থিক সহায়তা প্রদান

ছবি : বাসস

ঢাকা, ৪ জুলাই, ২০২৬(বাসস) : একুশে পদকপ্রাপ্ত নজরুল সংগীতশিল্পী শবনম মুশতারীকে দেখতে তার বাসায় গেছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

আজ শনিবার রাজধানীর ধানমন্ডিস্থ শিল্পীর বাসভবনে তারা দীর্ঘক্ষণ অসুস্থ শিল্পীর পাশে অবস্থান করেন এবং চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। এ ছাড়াও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

সাক্ষাৎকালে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনস্থ শিল্পী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে গুণী এই শিল্পীর জরুরি চিকিৎসায় তাৎক্ষণিকভাবে ৫ লাখ টাকার আর্থিক সহায়তার একটি চেক হস্তান্তর করা হয়।

এ সময় শিল্পী কল্যাণ ট্রাস্টের ডিজিএম সায়েলা খানম এবং শিল্পীর নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।

শবনম মুশতারী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত ও জটিল ডিমেনশিয়া (স্মৃতিভ্রম) রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, নজরুল সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ শিল্পী শবনম মুশতারী ১৯৯৭ সালে ‘একুশে পদক’-এ ভূষিত হন। এ ছাড়া ২০১৫ সালে তিনি জাতীয়ভাবে ‘নজরুল পুরস্কার’ লাভ করেন। 

তিনি বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি তালিম হোসেন এবং প্রখ্যাত কথাসাহিত্যিক ও সাংবাদিক বেগম মাফরুহা চৌধুরীর জ্যেষ্ঠ কন্যা।