শিরোনাম

ঢাকা, ২১ জুন, ২০২৬ (বাসস) : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে এখন সবচেয়ে বড় সুযোগ হচ্ছে প্রযুক্তিকে যথাযথভাবে কাজে লাগানো।
তিনি আরও বলেন, ‘আমাদের গবেষকদের যে মেধা আছে, আমাদের ১৮ কোটি লোকের যে মেধা আছে, ইনোভেশনের যে সুযোগ আমাদের আছে, এটা বিশ্বের অনেক দেশের নেই। এটিকে আমাদের কাজে লাগাতে হবে।’
আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সের মাল্টি পারপাস হলে ‘বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্টের ফেলোদের গবেষণা কার্যক্রমের অগ্রগতি ও লব্ধ জ্ঞান মূল্যায়ন' শীর্ষক দুই দিন ব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি'র বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিজ্ঞান ও প্রযুক্তি ফেলো ড. আবু হেনা মুহাম্মদ ইউসুফ ‘আনলকিং দ্য ব্লু ইকোনমি : মেরিন স্পাশিয়াল প্লানিং (এমএসপি) ফর দ্য সাসটেইনেবল ওশান গভার্নেন্স ইন দ্য বে অব বেঙ্গল’ শীর্ষক গবেষণা পত্র পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন।
এ ছাড়া সেমিনারে বিসিএসআইআরের বৈজ্ঞানিক কর্মকর্তা, খুলনা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও গবেষকগণ তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন।
সেমিনারে সভাপতির বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ও যুগ্মসচিব একেএম শওকত আলম মজুমদার এবং বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চেয়ারম্যান ড. সামিনা আহমেদ।
অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট হতে ফেলোশিপ প্রাপ্ত (বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও ছাত্র-ছাত্রী) ফেলোগণ অংশগ্রহণ করেন।