শিরোনাম

ঢাকা, ২১ জুন, ২০২৬ (বাসস) : বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কার্যক্রমে জেন্ডার সমতা নিশ্চিত, নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং অধিকার সুরক্ষায় পাঁচ সদস্যের একটি ‘জেন্ডার ইকুইটি’ বিষয়ক কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনটির সহ-সভাপতি এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ব্যারিস্টার সারওয়াত সিরাজ-কে কমিটির চেয়ারম্যান করা হয়েছে। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ পুলিশের ডিআইজি তাপতুন নাসরীন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফিরোজা করীম নেলী, বিওএ’র অ্যাথলেট কমিশনের চেয়ারম্যান ফরহাদ জেসমিন লিটি এবং অতিরিক্ত ডিআইজি জান্নাত আরা।
বিওএ মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এবিএম শেফাউল কবীর স্বাক্ষরিত এক সিদ্ধান্ত অনুযায়ী, মনোনীত সদস্যদের আগামী ২৫ জুনের মধ্যে লিখিত মতামত বিওএ দপ্তরে পাঠাতে বলা হয়েছে।
এর আগে দেশের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের প্রতি বৈষম্য দূর করা, নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের অধিকার ও ক্ষমতায়ন জোরদারের লক্ষ্যে গত ২ জুন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে। ব্যারিস্টার সারওয়াত সিরাজ ওই কমিটিরও অন্যতম সদস্য।
বিওএ জানিয়েছে, নতুন গঠিত জেন্ডার ইকুইটি কমিটি দেশের ক্রীড়াঙ্গনে জেন্ডার সমতা প্রতিষ্ঠা, নারী ক্রীড়াবিদ ও সংগঠকদের অধিকার সংরক্ষণ এবং ক্রীড়া ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে নীতিনির্ধারণী ভূমিকা পালন করবে।
কমিটির চেয়ারম্যান সারওয়াত সিরাজ আশা প্রকাশ করেছেন, এই উদ্যোগ বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আরও অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।