শিরোনাম

ঢাকা, ২০ জুন, ২০২৬ (বাসস) : রাজধানীর ধানমন্ডিতে আলোচিত শিশু রিক্তা মনি হত্যা মামলার দুই আসামি মো. সবিবুর রহমান (৪৬) ও ফারাহ নুসরাত ওরফে বর্নিকে (৪০) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমন্ডি থানা পুলিশ।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, পারিবারিক অসচ্ছলতার কারণে ঢাকার ধানমন্ডি এলাকার একটি বাসায় গৃহকর্মীর কাজ করতো ভুক্তভোগী রিক্তা মনি। সেখানে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো বলে অভিযোগ রয়েছে।
শুক্রবার সকালে ধানমন্ডি থানার ওই বাসার ১১ তলা ভবনের বারান্দা থেকে শিশু রিক্তা মনি নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং বাম হাত ভাঙা অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় শুক্রবার রাতে নিহতের পিতা বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
মামলা দায়ের করা করার পর শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ধানমন্ডি থানা পুলিশের একটি টিম ধানমন্ডি থানাধীন নিজ বাসা থেকে গৃহকর্তা ইঞ্জিনিয়ার সবিবুর রহমান এবং তার স্ত্রী ফারাহ নুসরাত ওরফে বর্নিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।