শিরোনাম

গাজীপুর, ২০ জুন, ২০২৬ (বাসস) : গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গাজীপুরকে আধুনিক, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরীতে রূপান্তরের লক্ষ্যে একাধিক মেগা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প সিটি কর্পোরেশনের আওতায় হস্তান্তরের জন্য মন্ত্রণালয়ের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
গাজীপুর পিটিআই অডিটোরিয়ামে গাজীপুর সিটি কলেজের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী, এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এসব কথা বলেন।
তিনি বলেন, গাজীপুরবাসীর দীর্ঘদিনের যানজট ও রেলক্রসিং দুর্ভোগ নিরসনে ৩১৭ কোটি টাকা ব্যয়ে শহরের জয়দেবপুর রেলগেটের ওপর একটি ফ্লাইওভার নির্মাণের কাজ আগামী মাস থেকেই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই লেভেল ক্রসিংটিতে প্রতিদিন প্রায় ৭০-৭২ বার ট্রেন চলাচল করে। নগরীর সৌন্দর্য বৃদ্ধি ও বিনোদনের সুযোগ সম্প্রসারণে ভাওয়াল রাজদীঘি, কাজী আজিমউদ্দিন কলেজ সংলগ্ন দিঘি, গাজীপুর ক্লাবের পূর্ব পাশের পুকুর এবং শিববাড়ি পুকুরের আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধনের কাজ শিগগিরই শুরু হবে। পাশাপাশি, কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে শিববাড়ি পর্যন্ত সড়কের দক্ষিণ পাশের খালি জায়গায় একটি আধুনিক শিশু পার্ক নির্মাণ করা হবে।
বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিনের সমস্যা সমাধানে হাটুভাঙ্গা ও মজলিশপুর এলাকায় প্রায় ১০০ বিঘা জমির ওপর আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। চীনের প্রযুক্তিগত সহযোগিতায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, জৈব সার তৈরি এবং প্লাস্টিক, কাচ ও পলিথিন পুনর্ব্যবহারের মাধ্যমে পরিবেশবান্ধব শিল্প গড়ে তোলা হবে।
এছাড়া নদী, খাল ও জলাশয় দূষণ রোধে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রণীত নীতিমালার আলোকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রশাসক বলেন, তোমরাই আগামীর বাংলাদেশ। অধ্যবসায়, সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তোমরাও দেশ ও জাতির কল্যাণে অবদান রেখে গাজীপুরের গর্বে পরিণত হবে-এটাই আমার প্রত্যাশা।
গাজীপুর সিটি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ার শাহাদাতের সভাপতিত্বে এবং কলেজের নির্বাহী কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম ও উপাধ্যক্ষ সোহরাব হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন আব্দুল মালেক সরকার, অ্যাডভোকেট খন্দকার আমিনুল হক টুটুল, সাবেক শিক্ষার্থী মো. হামিদুল হক ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম।