বাসস
  ২০ জুন ২০২৬, ১৯:২২

বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিএনপি সরকার কখনো বাধা সৃষ্টি করেনি : ব্যারিস্টার বাদল

ছবি : বাসস

ঢাকা, ২০ জুন, ২০২৬ (বাসস) : বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে বিএনপি সরকার কখনো বাধা সৃষ্টি করেনি বলে উল্লেখ করেছেন দলটির আইনবিষয়ক সম্পাদক ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।

রাজধানীর ঢাকা ক্লাবে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি আজ একথা বলেন।

বিএনপি’র আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার বাদল বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে বিএনপি সরকার কখনো বাধা সৃষ্টি করেনি, করবেও না। আর গত ১৬-১৭ বছরের কাহিনী তো আপনারা আমরা সবাই জানি। তখন তালিকা দিয়ে দেওয়া হতো প্রিন্ট প্রিন্ট মিডিয়া কি কি ছাপাতে পারবে। ইলেকট্রনিক মিডিয়া কার-কার সাক্ষাৎকার নিতে পারবে, কাকে টকশোতে ডাকতে পারবে এবং পারবে না। তবে আপনাদের (সাংবাদিকদের) ওপরে এই ধরনের বাধা এই সরকারের আমলে নাই, থাকবেও না।

অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ আলী বলেন, এখন প্রত্যেকটা টেলিভিশন ও পত্রিকায় প্রতিদিন সুপ্রিম কোর্টের এক বা একাধিক নিউজ থাকে। এটা আপনারা (সাংবাদিকরা) গ্রহণযোগ্য করে তুলেছেন।

এসময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক বলে, প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচনী কমিটি সাক্ষাৎ অনুষ্ঠানে অবশ্যই আমরা আপনাদের (সাংবাদিকদের) আপিল বিভাগে প্রবেশের বিষয়ে কথা বলবো। কারণ, বিচার ব্যবস্থার স্বচ্ছতার জন্য সাংবাদিকদের উপস্থিতি অত্যন্ত জরুরি।

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের কার্যনির্বাহী কমিটির বিদায়ী সভাপতি মাসউদুর রহমান রহমান রানার সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।