শিরোনাম

ঢাকা, ২০ জুন, ২০২৬ (বাসস) : বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান সভায় সভাপতিত্ব করেন। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সেলিম রহমান।
সভায় বিজিএমইএ’র বর্তমান পরিচালনা পর্ষদের সহ-সভাপতি ও পরিচালকবৃন্দ, সাবেক সভাপতিবৃন্দ, সাবেক সহ-সভাপতি ও পরিচালকবৃন্দ, জয়নুল আবেদীন ফারুক এমপি, বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও সদস্যগণ এবং সংগঠনের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী অনুমোদন করা হয়। একইসঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন ও অনুমোদনের পাশাপাশি ওই অর্থবছরের জন্য নিরীক্ষক নিয়োগ দেওয়া হয়।
সভায় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান দেশের পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি, গত এক বছরে পরিচালনা পর্ষদের গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।
বিজিএমইএর সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান সংগঠনের ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন এবং ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন।
সভায় অংশগ্রহণকারীরা পোশাক শিল্পের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বর্তমান পরিচালনা পর্ষদের সফল এক বছর পূর্তি উপলক্ষ্যে সিলভার ক্লাব লিমিটেডের পক্ষ থেকে অভিনন্দনস্বরূপ একটি কেক উপহার দেওয়া হয়। পরে বিজিএমইএ’র নেতৃবৃন্দ কেক কেটে সভার সফল সমাপ্তি ঘোষণা করেন।