শিরোনাম

ঢাকা, ২০ জুন, ২০২৬ (বাসস) : যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে দুই জন স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ সময় প্রায় ৭ কোটি ১৪ লাখ টাকা মূল্যের ৩ কেজি ৬৪২ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)’র একটি বিশেষ চৌকস আভিযানিক টহলদল গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালায়।
এ সময় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর ১ নম্বর গেইটের সামনে পাকা রাস্তার ওপরে একটি প্রাইভেট কার তল্লাশি করে ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
আটককৃতদের কাছ থেকে তিন কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বার, একটি প্রাইভেট কার, তিনটি মোবাইল ফোন ও নগদ ৪ হাজার ৮১৫ টাকা জব্দ করা হয়।
জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৭ কোটি ১৩ লাখ ৬৪ হাজার ৯৯০ টাকা।
এছাড়াও জব্দকৃত প্রাইভেট কারের মূল্য ৫৪ লাখ ৫০ হাজার টাকা, তিনটি মোবাইল ফোনের মূল্য ৩৬ হাজার টাকা।
এই অভিযানকালে নগদ ৪ হাজার ৮১৫ টাকাও উদ্ধার করা হয়।
সর্বমোট জব্দকৃত মালামালের সিজার মূল্য ৭ কোটি ৬৮ লাখ ৫৫ হাজার ৮০৫ টাকা।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে তাদেরকে যশোর কোতয়ালী থানায় হস্তান্তরের কার্যক্রম এবং জব্দকৃত স্বর্ণ সরকারি ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকায় স্বর্ণসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।
চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে বিজিবি’র নিয়মিত আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।