শিরোনাম

ময়মনসিংহ, ২০ জুন, ২০২৬ (বাসস): ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ বিশ্ববিদ্যালয়ের রুপান্তরের কর্মযজ্ঞ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
তিনি বলেন,ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজটিকে কীভাবে উন্নতি করা যায়, তা নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তিনি অধ্যক্ষের নেতৃত্বে একটি টিমকে মন্ত্রণালয়ে আমন্ত্রণ জানিয়েছেন। আশা করছি আগামী ৬ মাসের মধ্যে কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের একটি ঘোষণাা আসবে।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় কলেজের লাইব্রেরি ভবনে অনুষ্ঠিত ফ্রেসার্স অরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শিক্ষাঙ্গন রাজনীতিমুক্ত ক্যাম্পাস হতে পারে না। শিক্ষার্থীরা রাজনৈতিক চর্চা করতে পারবে না, গণতান্ত্রিক দেশে এটা মেনে নেয়া যায় না। । তবে কলেজের পরিবেশ যেন নষ্ট না হয়, সেদিকে খেয়াল রেখে লেখাপড়ার পাশাপাশি রাজনৈতিক চর্চাও করতে হবে। ছাত্রদের কল্যাণে গঠনমূলক কথা বলার সুযোগ দিতে হবে। শিষ্টাচার বজায়ে রেখেই ছাত্র রাজনীতি করতে হবে। কিন্ত র্যাগ ডে এর নামে কোন শিক্ষার্থী যেন নির্যাতিত না হয়, সেদিকেও নজর রাখতে হবে।
এ সময় এমপি ওয়াহাব নবীণ শিক্ষার্থীদের সাদরে গ্রহণ করে প্রবীণদের পাশে থাকার আহবান জানান।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. প্রকৌশলী মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডীন প্রফেসর ড. আব্দুল মজিদ, শিক্ষক প্রফেসর ড. মে. রুস্তম আলী, শিক্ষার্থী রবিন মোল্লা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, দক্ষিণ জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন খান এবং মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়।