শিরোনাম

মাদারীপুর, ১৯ জুন, ২০২৬, (বাসস): মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, নদীভাঙন রোধসহ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।
আজ শুক্রবার সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার বাশগাড়ী ইউনিয়নের খুনেরচর নতুন বাজার এলাকায় নদীভাঙন রোধে জিওব্যাগ ফেলার কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি খোকন তালুকদার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে নদীভাঙন প্রতিরোধ, খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমামদের ভাতা, খেলোয়াড়দের ভাতা এবং কৃষি বীমাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের উদ্যোগ নেয়া হয়েছে। মানুষের জীবনমান উন্নয়ন ও মৌলিক অধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
তিনি আরও বলেন, আমার নির্বাচনী এলাকার যেসবস্থানে নদীভাঙনের ঝুঁকি রয়েছে, সেখানে জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলার নির্দেশ দেয়া হয়েছে। খুনেরচর এলাকায় ভাঙনের খবর পাওয়ার পর আমি নিজে পরিদর্শন করেছি এবং দ্রুত কাজ শুরু করার উদ্যোগ নিয়েছি।
পাশাপাশি যেসব এলাকায় নদীভাঙন দেখা দিয়েছে, সেসব স্থানে চলতি মাসের মধ্যেই জরুরি তহবিলের ব্যবস্থা করে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে।
নদীভাঙন কবলিত এলাকার মানুষের দুর্ভোগ কমাতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল আরেফীন, যুবদল নেতা মামুন শিকদারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।