বাসস
  ১৯ জুন ২০২৬, ১৫:১০

রাজশাহীর সিল্ক পণ্য গ্রাহক পর্যায়ে দ্রুত ও নিরাপদে পৌঁছে দেবে ডাক বিভাগ

ছবি: বাসস

রাজশাহী, ১৯ জুন, ২০২৬ (বাসস): দেশের ঐতিহ্যবাহী রেশম পণ্য গ্রাহকদের কাছে দ্রুত, নিরাপদ ও দক্ষতার সঙ্গে পৌঁছে দিতে একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড, রেশম শিল্প মালিক সমিতি ও বাংলাদেশ ডাক বিভাগ।

বৃহস্পতিবার বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় রেশম শিল্পের উৎপাদন, বিপণন ও সরবরাহ ব্যবস্থার উন্নয়নে ডাক বিভাগের আধুনিক সেবাকে কাজে লাগানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তৌফিক আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় দেশের বিভিন্ন প্রান্তসহ আন্তর্জাতিক বাজারে সিল্ক পণ্য সহজে পৌঁছে দিতে ডাক বিভাগের নেটওয়ার্ককে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, এই উদ্যোগের ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য হ্রাস পাবে এবং রেশম শিল্পের বাজার সম্প্রসারণের পাশাপাশি প্রান্তিক উদ্যোক্তারা সরাসরি উপকৃত হবেন।

সভায় পার্সেল বুকিংয়ের জন্য রাজশাহী জিপিও এবং গুরুত্বপূর্ণ ডাকঘরগুলোতে বিশেষ বুথ স্থাপন, ডিজিটাল ট্র্যাকিং সুবিধাসহ ডাক সেবার মাধ্যমে দ্রুত অভ্যন্তরীণ সরবরাহ নিশ্চিতকরণ এবং রেশম পণ্যের জন্য মানসম্মত প্যাকেজিং সহায়তা প্রদানের বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়া প্রবাসী এবং বিদেশি ক্রেতাদের কাছে রেশম পণ্য সহজে পৌঁছানোর সুবিধার্থে শুল্ক-সংক্রান্ত জটিলতা কমানোর ওপরও জোর দেন অংশগ্রহণকারীরা।

তৌফিক আল মাহমুদ বলেন, ‘রেশম শিল্পের টেকসই প্রবৃদ্ধির জন্য একটি আধুনিক ও সহজলভ্য সরবরাহ ব্যবস্থা অত্যন্ত জরুরি।’ 

তিনি আশা প্রকাশ করেন , ডাক ও ই-কমার্স সংক্রান্ত এই সহযোগিতা রেশম পণ্যের বিপণনে নতুন সুযোগের সৃষ্টি করবে।

সভায় ডাক বিভাগ, রেশম শিল্প মালিক সমিতি এবং শীর্ষস্থানীয় রেশম শিল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা এ খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।