শিরোনাম

ঢাকা, ১৮ জুন, ২০২৬ (বাসস) : মালয়েশিয়ায় নির্মাণশ্রমিক হিসেবে কাজ করার সময় দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দেশে ফিরে চিকিৎসাধীন চুয়াডাঙ্গার রুবেল হোসেনের পাশে দাঁড়িয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক।
জানা গেছে, মালয়েশিয়ায় কর্মরত অবস্থায় রুবেল হোসেন একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর সেখানে কয়েকদিন চিকিৎসা গ্রহণের পর দেশে ফিরে তিনি প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি হন। পরে তাকে বার্ন ও প্লাস্টিক সার্জারি শাখায় স্থানান্তর করা হয়। গত প্রায় পাঁচ মাস ধরে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
অসুস্থ রুবেল হোসেনের খবর পেয়ে হাসপাতালে ছুটে যান ছাত্রদল নেতা তরিকুল ইসলাম তারিক ও ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. সাইফুল আলম বাদশাহ। তারা রোগীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে চলমান চিকিৎসা কার্যক্রম সম্পর্কে খো্জঁখবর নেন।
পরে চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখতে আহত প্রবাসীর হাতে আর্থিক সহায়তা তুলে দেন তরিকুল ইসলাম তারিক। পাশাপাশি ভবিষ্যতে চিকিৎসার প্রয়োজনীয় ক্ষেত্রে সহযোগিতা করার আশ্বাসও দেন তিনি।
এ সময় আহত রুবেল হোসেনের দ্রুত সুস্থতা কামনা করে তরিকুল ইসলাম তারিক বলেন, ‘আমি দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, এটি আমাদের মানবিক ও নৈতিক কর্তব্য। আমরা বিশ্বাস করি, মানুষের সেবাই সবচেয়ে বড় ইবাদত ও কল্যাণের কাজ। তাই অসহায়, বিপদগ্রস্ত এবং সাহায্যপ্রার্থী মানুষের পাশে সবসময় থাকার চেষ্টা করি। ভবিষ্যতেও মানবতার কল্যাণে কাজ করে যাব এবং যেকোনো প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত থাকব। সবার দোয়া ও সহযোগিতায় আমরা একটি মানবিক ও সহমর্মিতা পূর্ণ সমাজ গড়ে তুলতে চাই।’
আহত রুবেল হোসেন ও তার পরিবারের সদস্যরা এ সহযোগিতার জন্য তরিকুল ইসলাম তারিক এবং ডা. সাইফুল আলম বাদশাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের প্রত্যাশা, সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিরাও এ ধরনের অসহায় মানুষের পাশে এগিয়ে আসবেন।