শিরোনাম

ঢাকা, ১৮ জুন, ২০২৬ (বাসস) : মালদ্বীপে অবস্থানরত অসুস্থ ও চরম সংকটে পড়া দুই বাংলাদেশি নাগরিককে নিরাপদে দেশে প্রত্যাবর্তনের লক্ষ্যে মানবিক সহায়তার অংশ হিসেবে বিমান টিকিট দিয়েছে মালদ্বীপের মালেতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
আজ বৃহস্পতিবার হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মালেতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম হাইকমিশন কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সহায়তাপ্রাপ্ত দুই প্রবাসীর হাতে এই বিমান টিকিট হস্তান্তর করেন।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কল্যাণ তহবিলের অর্থায়নে এই মানবিক সহায়তা দেওয়া হয়েছে। এটি বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণ, সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের দৃঢ় ও অব্যাহত অঙ্গীকারের একটি উদাহরণ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
টিকিট হস্তান্তরকালে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) মো. মোতাছেম বিল্যাহ উপস্থিত ছিলেন।
হাইকমিশন জানায়, সহায়তাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বাসিন্দা নুরুল ইসলাম (৫০), যিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিল যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। অন্যজন, একই জেলার বাসিন্দা মো. আজিজ প্রামাণিক (৫৫), যিনি সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের শারীরিক অবস্থা, মানবিক পরিস্থিতি এবং পারিবারিক ও জরুরি প্রয়োজন বিবেচনা করে দেশে ফেরার জন্য এই বিমান টিকিটসহ প্রয়োজনীয় আইনি ও লজিস্টিক সহায়তা দেওয়া হয়।
এ সময় হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বলেন, ‘বিদেশের মাটিতে অবস্থানরত প্রতিটি বাংলাদেশি আমাদের জাতীয় পরিবারের অবিচ্ছেদ্য অংশ। জীবিকা অর্জন ও পরিবারের ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে যারা প্রবাসে কঠোর পরিশ্রম করছেন, তাদের কেউ অসুস্থতা, দুর্ঘটনা বা অন্য কোনো মানবিক সংকটের সম্মুখীন হলে তা আমাদের জন্য গভীর উদ্বেগ ও বেদনার বিষয়।’
বাংলাদেশ হাইকমিশন সবসময় প্রবাসী বাংলাদেশিদের পাশে রয়েছে এবং তাদের প্রয়োজনের মুহূর্তে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেন তিনি।
হাইকমিশনার আরও বলেন, ‘আমাদের প্রবাসী কর্মীরা শুধু দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি নন. তারা বিদেশের মাটিতে বাংলাদেশের পরিশ্রম, সততা ও মর্যাদার প্রতিনিধিত্ব করেন। তাদের সম্মান, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা আমাদের নৈতিক, মানবিক এবং প্রাতিষ্ঠানিক দায়িত্ব।’
হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম প্রবাসীবান্ধব এই মানবিক উদ্যোগের জন্য সরকারের প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রতি গভীর ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, সংকটময় সময়ে প্রবাসীদের পাশে দাঁড়ানো বাংলাদেশ সরকারের দায়িত্বশীল নেতৃত্বের উজ্জ্বল প্রতিফলন, যা প্রবাসীদের মধ্যে দেশের প্রতি গভীর বিশ্বাস ও নিরাপত্তাবোধ সৃষ্টি করেছে।