বাসস
  ১৮ জুন ২০২৬, ১৯:৩৩

দেশে ফিরেছেন ৫৮ হাজার ৬৩৯ হাজি 

ঢাকা, ১৮ জুন, ২০২৬ (বাসস): পবিত্র হজ পালন শেষে বুধবার পর্যন্ত সৌদি আরব থেকে মোট ৫৮ হাজার ৬৩৯ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার ঢাকা হজ অফিসের পরিচালক জানান, তিনটি নির্ধারিত বিমানসংস্থার মোট ১৪৫টি ফিরতি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৭২টি, সৌদি এয়ারলাইন্স ৫২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।

হজ অফিসের তথ্য অনুযায়ী, ১৪৫টি ফ্লাইটে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় ৫৪ হাজার ৩২০ জন হাজি দেশে ফিরেছেন। 

বাকি হাজিরা পর্যায়ক্রমে নির্ধারিত বিমান সংস্থার মাধ্যমে দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেন হজ অফিসের পরিচালক।

এ বছর হজের সময় সৌদি আরবে ৩৫ জন পুরুষ ও ১৭ জন নারীসহ মোট ৫২ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজন মারা যান।

হজ বুলেটিন অনুযায়ী, অসুস্থত হয়ে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে মোট ৪১৫ জন হাজি চিকিৎসা নিয়েছেন এবং ১৯ জন হাজি হাসপাতালে ভর্তি ছিলেন।

এছাড়া সৌদি আরবের মেডিকেল সেন্টারগুলো ৬৫ হাজার ৮৮৮ জন হাজিকে চিকিৎসাসেবা দিয়েছে এবং মক্কা ও মদিনায় আইটি হেল্প ডেস্কের মাধ্যমে ২৮ হাজার ১৬৭ জন হাজিকে বিভিন্ন সেবা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১৮ এপ্রিল প্রথম বহির্গামী ফ্লাইটের মাধ্যমে হজ পরিবহন কার্যক্রম শুরু হয় এবং ২১ মে প্রাক হজ ফ্লাইট সম্পন্ন হয়। ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজের আনুষ্ঠানিকতা শেষে গত ৩০ মে থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।