বাসস
  ১৮ জুন ২০২৬, ১৯:১৬

শিগগিরই আবাসিক কূটনৈতিক মিশন খুলবে বাংলাদেশ ও আজারবাইজান

ঢাকা, ১৮ জুন, ২০২৬ (বাসস) : পারস্পরিক সম্পর্ক আরও জোরদার ও কূটনৈতিক যোগাযোগ সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ও আজারবাইজান একে অপরের রাজধানীতে আবাসিক কূটনৈতিক মিশন খোলার বিষয়ে আজ একমত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বাইরামভের মধ্যে টেলিফোনে অনুষ্ঠিত এক আলোচনায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আলোচনার সময় বাইরামভ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই পররাষ্ট্রমন্ত্রী দুই বন্ধুত্বপূর্ণ দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন।

তারা নিজ নিজ দেশে আবাসিক কূটনৈতিক মিশন খোলার বিষয়েও আলোচনা করেন। এ পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ আরও ঘনিষ্ঠ হবে বলে আশা করা হচ্ছে।

রহমান তার আজারবাইজানি সমকক্ষকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

দুই মন্ত্রী আশা প্রকাশ করেন, ক্রমবর্ধমান এ যোগাযোগ বাংলাদেশ-আজারবাইজান সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করতে সহায়ক হবে।