শিরোনাম

ঢাকা, ১৮ জুন, ২০২৬ (বাসস) : তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি ঢাকা ও টাঙ্গাইলে পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে ব্যবহার করা গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে।
তিতাস গ্যাস জানিয়েছে, গতকাল ১৭ জুন তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহনেওয়াজ পারভেজের নেতৃত্বে কর্মকর্তাদের উপস্থিতিতে মেঢাবিবি-৬-এর আওতাধীন ঢাকার আমিনবাজারের সালেহপুর এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানে সালেহপুর এলাকায় একটি আবাসিক সংযোগ থেকে অবৈধভাবে একটি ওয়াশিং কারখানায় গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়ায় সংযোগটি বিচ্ছিন্ন করা হয় এবং লক-উইং ককে প্লাস্টিক সিল স্থাপন করা হয়।
এছাড়া একটি মাদ্রাসা প্রাঙ্গণে অবৈধভাবে মোডিফায়েড বার্নারে গ্যাস ব্যবহার করায় সংযোগ বিচ্ছিন্ন করে লক-উইং ককে প্লাস্টিক সিল স্থাপন করা হয়। একই অভিযানে এলাকার পাঁচজন বৈধ গ্রাহকের আঙিনায় অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়ায় তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং লক-উইং ককে প্লাস্টিক সিল স্থাপন করা হয়।
অভিযানকালে এমডি স্থানীয় বাসিন্দাদের অবৈধ গ্যাস সংযোগ গ্রহণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
তিনি বলেন, অবৈধ সংযোগের কারণে বৈধ গ্রাহকরা তাদের প্রাপ্য গ্যাসসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
অপরদিকে, টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা আরেফিন জুঁইয়ের নেতৃত্বে মির্জাপুর উপজেলার নাজিরপাড়া ও গোড়াই এলাকায় দু’টি স্থানে অভিযান চালানো হয়।
অভিযানে আনুমানিক ৭৪০ ফুট দৈর্ঘ্যের ৩-৪ ইঞ্চি ব্যাসের জিআই পাইপ অপসারণ করা হয়। একই সঙ্গে প্রায় ৫৬টি বাড়ির ৬৩টি ডাবল চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ৩-৪ ইঞ্চি ব্যাসের পাঁচটি অবৈধ গ্যাস সরবরাহের উৎসমুখ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়।
এছাড়া অভিযানে দু’টি অবৈধ রেগুলেটর জব্দ করা হয়। অনুমোদনের অতিরিক্ত চুলায় গ্যাস ব্যবহারের দায়ে তিনজন গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে দুই ব্যবহারকারীর কাছ থেকে তাৎক্ষণিকভাবে আড়াই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।