বাসস
  ১৮ জুন ২০২৬, ১৭:২১

অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা : গ্রেফতার ২

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৮ জুন, ২০২৬ (বাসস): অস্ট্রেলিয়ায় চাকরি ও স্থায়ীভাবে বসবাসের প্রলোভন দেখিয়ে এক প্রবাসীর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেফতারকৃতরা হলো- মো. রাকিবুল হোসেন (২৬) ও মো. রনি ইসলাম অরফে খাজা মোহাম্মদ আলী (১৯)। সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন্সের একটি চৌকশ দল গতকাল নীলফামারী জেলার সৈয়দপুর থানাধীন কামারপুকুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে অপরাধকার্যে ব্যবহৃত ছয়টি মোবাইল ফোন এবং ১২টি সিম কার্ড জব্দ করা হয়।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান আজ এ তথ্য জানিয়েছেন। সিআইডি জানায়, গ্রেফতারকৃতরা ভুক্তভোগীকে বিভিন্ন প্রসেসিং, অনলাইন আবেদন, ফরম পূরণ ও ভিসা সংক্রান্ত খরচের কথা বলে অর্থ দাবি করে। পরে ভুক্তভোগী ধাপে ধাপে বিভিন্ন বিকাশ নম্বরে তাদেরকে ১ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা দেন। পরবর্তীতে আরও অর্থ আদায়ের উদ্দেশ্যে তারা একটি ব্যাংক হিসাব নম্বর দেয়। 

এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে তার ভাগ্নে বাদি হয়ে (ডিএমপি) যাত্রাবাড়ী থানায় গত ২ জুন একটি মামলা দায়ের করে। মামলা নম্বর ৪। 

সিআইডি আরও জানায় গ্রেফতারকৃত রনি ইসলাম নিজেকে ‘খাজা মোহাম্মদ আলী’ নামে অস্ট্রেলিয়া প্রবাসী পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া ফেসবুক পেজ পরিচালনা করতো। 

পেজটিতে অস্ট্রেলিয়ায় চাকরি, ওয়ার্ক পারমিট ও অভিবাসন সংক্রান্ত আকর্ষণীয় ভিডিওসহ প্রচারণা চালিয়ে সাধারণ মানুষকে প্রলুব্ধ করে আসছিল। একই সঙ্গে বিদেশি নম্বর ব্যবহার করে যোগাযোগের জন্য অনলাইনে অস্ট্রেলিয়ান নম্বরভিত্তিক ইমু অ্যাকাউন্ট ব্যবহার করা হতো, যাতে ভুক্তভোগীরা প্রক্রিয়াটি বিশ্বাসযোগ্য মনে করে সহজেই প্রতারণার ফাঁদে পা দেয়।

সিআইডি জানায় গ্রেফতারকৃত রাকিবুল হোসেন প্রতারণার মাধ্যমে সংগৃহীত অর্থ বিভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে গ্রহণ, স্থানান্তর এবং লেনদেন ব্যবস্থাপনায় সক্রিয়ভাবে সহযোগিতা করতো। 

তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে বিদেশে চাকরি দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে আসছিল। গ্রেফতারকৃতদেরকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।