বাসস
  ১৭ জুন ২০২৬, ২১:৫৬

সড়কে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির মোবাইল কোর্ট অভিযান

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৭ জুন, ২০২৬ (বাসস): ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মোবাইল কোট আজ ধোলাইপাড় খালপাড় রোড, যাত্রাবাড়ী মোড় এবং শহীদ ফারুক সড়ক এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। রাজধানীর সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করে পথচারী ও যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়। 

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ধোলাইপাড় খালপাড় রোডে অবৈধভাবে গড়ে ওঠা সকল প্রকার দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে খালপাড় সংলগ্ন সড়কটি দখলমুক্ত করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।

পরবর্তীতে ধোলাইপাড় থেকে যাত্রাবাড়ী মোড় পর্যন্ত এবং যাত্রাবাড়ী মোড় থেকে শহীদ ফারুক সড়ক পর্যন্ত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ দোকানপাট, অস্থায়ী স্থাপনা এবং প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। একইসঙ্গে সংশ্লিষ্ট এলাকার ফুটপাত ও সড়ক পরিষ্কার করে পথচারী ও যানবাহনের স্বাভাবিক চলাচলের উপযোগী করা হয়।

নগরবাসীর জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও শৃঙ্খলাবদ্ধ নগর পরিবেশ নিশ্চিত করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে। জনস্বার্থে সড়ক ও ফুটপাতের অবৈধ দখল, অননুমোদিত স্থাপনা এবং জনদুর্ভোগ সৃষ্টিকারী কার্যক্রমের বিরুদ্ধে এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।