শিরোনাম

চট্টগ্রাম, ১৭ জুন, ২০২৬ (বাসস): দীর্ঘ বিরতির পর আগামী ২৮ জুন সারাদেশের মতো চট্টগ্রাম বিভাগেও দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে চট্টগ্রাম বিভাগে ৬ থেকে ৫৯ মাস বয়সী ৫৪ লাখ ৭৮ হাজার ৫২৯ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বুধবার চট্টগ্রাম নগরের সিনেমা প্যালেস সংলগ্ন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ে আয়োজিত বিভাগীয় ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভায় এ তথ্য জানানো হয়।
সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ৬-১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লাখ আইইউ) এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ক্যাপসুল (২ লাখ আইইউ) খাওয়ানো হবে। কোনো শিশুই যেন এই কর্মসূচি থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ভিটামিন ‘এ’ শিশুর অপুষ্টি ও অন্ধত্ব প্রতিরোধ, স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিতকরণ এবং হাম ও ডায়রিয়াজনিত মৃত্যুর ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মাহমুদা আক্তার। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন, আবু সালেহ মো. ফোরকান উদ্দিনসহ বিভিন্ন সরকারি ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।
স্বাস্থ্য বিভাগ জানায়, ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিভাগের ১১ জেলা ও দুই সিটি কর্পোরেশনের স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। কর্মসূচি সফল করতে মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার, বাসস্ট্যান্ড ও নৌঘাটে ব্যাপক প্রচারণা চালানো হবে।
চট্টগ্রাম বিভাগে ৬-১১ মাস বয়সী ৬ লাখ ৭০ হাজার ৭৬৮ জন এবং ১২-৫৯ মাস বয়সী ৪৮ লাখ ৭ হাজার ৭৬১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সভায় জানানো হয়।