শিরোনাম

ঢাকা, ১৬ জুন, ২০২৬ (বাসস) : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, নগর উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে যত বাধা-বিপত্তি ও ষড়যন্ত্রই আসুক না কেন, নগরবাসীকে সঙ্গে নিয়ে সব উন্নয়নমূলক কাজ চলমান রাখা হবে।
রাজধানীর মিরপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আয়োজিত ‘শিশু সুরক্ষায় শিশু ও যুব কর্তৃক গৃহীত পদক্ষেপ প্রদর্শনী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রশাসক বলেন, ‘৪১ বছরের রাজনৈতিক জীবনে অসংখ্য বাধা-বিপত্তি অতিক্রম করে আজকের অবস্থানে এসেছি। ভালো কাজের পথে প্রতিবন্ধকতা থাকবেই, কিন্তু থেমে থাকলে চলবে না; সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি বিশ্বাস করি, একসময় অবশ্যই সফল হব।'
তিনি নগর উন্নয়নে শিশু, অভিভাবক ও নগরবাসীর সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, ভালো কাজের ক্ষেত্রে সবার পাশে থাকার অঙ্গীকার অব্যাহত থাকবে।
বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান ডিএনসিসি প্রশাসক। তিনি বাসা-বাড়ি, ছাদ, ছাদবাগান ও আশপাশের স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণের মাধ্যমে মশার প্রজনন রোধে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান।
তিনি বলেন, 'ক্লিন ঢাকা-গ্রিন ঢাকা' বাস্তবায়ন করতে হলে আগে নগরকে পরিচ্ছন্ন করতে হবে, এরপর সবুজায়নের উদ্যোগকে আরও বিস্তৃত করতে হবে।
শিশু সুরক্ষা ও সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ওয়ার্ল্ড ভিশনের প্রশংসা করে শফিকুল ইসলাম খান বলেন, লেগুনা, রিকশাসহ বিভিন্ন যানবাহনে কর্মরত শিশুদের কল্যাণে আরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
অনুষ্ঠানে তিনি বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন করেন এবং শিশুদের উদ্ভাবনী ক্ষমতা, সৃজনশীলতা ও বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, নগরবাসীর জন্য সচেতনতামূলক ও উন্নয়নমূলক সংবাদ প্রচারে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি ডিএনসিসির জনসেবামূলক ও উন্নয়নমূলক কার্যক্রম যথাযথভাবে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।