বাসস
  ১৬ জুন ২০২৬, ২১:৫৫

হত্যার অভিযোগে কামরাঙ্গীরচরে গ্রেফতার ২

ঢাকা, ১৬ জুন, ২০২৬ (বাসস) : রাজধানীর কামরাঙ্গীরচরে মোহাম্মদ হোসেন (২৭) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

মো. পরান (২০) ও মো. ইমরান (২০) নামে দুই ব্যক্তিকে গতকাল সোমবার গ্রেফতার করে কামরাঙ্গীরচর থানা পুলিশ। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, কামরাঙ্গীরচরের পূর্ব ইসলাম নগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় ছুরিকাঘাতে মোহাম্মদ হোসেন গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা চাকু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।