শিরোনাম

ঢাকা, ১৬ জুন, ২০২৬ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগ ও ভোক্তা অধিকার যৌথ অভিযান চালিয়ে আজ রাজধানীর ফরাশগঞ্জ ও শ্যামবাজার থেকে ১৯ বস্তা ভেজাল হলুদ গুড়া জব্দ করেছে। এ সময় ভেজাল হলুদ গুড়া প্যাকেজিং ও বিক্রয়ের অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে ১ এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, ফরাশগঞ্জ ও শ্যামবাজারে কিছু স্থানে ভেজাল ও নিম্নমানের মশলা উৎপাদন, প্যাকেজিং ও বাজারজাত করা হচ্ছে- গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার অভিযান চালায় পুলিশ। অভিযানে ১৯ বস্তা ভেজাল ও নিম্নমানের হলুদ গুড়া জব্দ করা হয়। অভিযানে, ভেজাল মশলা উৎপাদনের দায়ে ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট কর্তৃক চারটি প্রতিষ্ঠান থেকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং জব্দকৃত ভেজাল হলুদ গুড়া ধ্বংস করা হয়।