বাসস
  ১৬ জুন ২০২৬, ২১:১৮

পুলিশের অভিযানে চার ছিনতাইকারী গ্রেফতার 

ঢাকা, ১৬ জুন ২০২৬(বাসস): রাজধানীর আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির আদাবর থানা পুলিশ। অভিযানে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহ দুই পুলিশ সদস্য আহত হয়েছে। 

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আদাবর থানা এলাকায় এই অভিযান পরিচালনা করেছে আদাবর থানা পুলিশ।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো- মো. সজিব হোসেন রুবেল (২৮), মো. আমির (২৮), মো. জয় (২৮) ও মো. কাশেম (২৮)।

পুলিশ জানায়, আদাবর থানার মফিজবাগের ৭ নম্বর রোডের একটি দোকানে চাপাতি ঠেকিয়ে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনার পর গোপন সংবাদের ভিত্তিতে আদাবর থানা পুলিশ ছিনতাইকারীদের ধরতে তাদের একটি আস্তানায় প্রবেশ করলে পুলিশকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। পরবর্তীতে বিকেলে ডেল্টা গার্মেন্টের পিছনে ছিনতাই বিরোধী অভিযান পরিচালনার সময় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় জীবন বাঁচাতে এবং আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে ২ ছিনতাইকারী ঘটনাস্থলেই গুলিবিদ্ধ ও আহত হয় এবং ঘটনাস্থল থেকে চারজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ।

এ সময় তাদের হেফাজত থেকে ১টি ছুরি, ১টি চাপাতি, ১টি স্টিলের পাইপ, ২টি হাতুড়ি, ১টি পিভিসি পাইপ এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।