বাসস
  ১৬ জুন ২০২৬, ২০:০১

কোরিয়াগামী কর্মীর সাথে প্রতারণার চেষ্টা : যৌথ অভিযানে চক্রের মূলহোতা আটক

ঢাকা, ১৬ জুন, ২০২৬ (বাসস) : সরকারিভাবে দক্ষিণ কোরিয়ায় কর্মী প্রেরণের একমাত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এবং রাজশাহী জেলা প্রশাসনের যৌথ অভিযানে এক প্রতারক চক্রের মূলহোতাকে আটক করা হয়েছে।

রাজশাহীর শাহমখদুম থানাধীন নওদাপাড়া আমচত্বর মোড় থেকে তাকে আজ আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম আহসান হাবীব (৪০)। তিনি পবা থানার ঘোড়াহাড়িয়া গ্রামের বাসিন্দা। এই চক্রের সাথে জড়িত অন্য আসামিরা বর্তমানে পলাতক রয়েছে।

রাজশাহী গোদাগাড়ী থানার কাশিমপুর গ্রামের বাসিন্দা মো. মেরাজ আলী (২১) সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি অনলাইনে আবেদন করেন এবং ভাষা পরীক্ষা, স্কিল টেস্ট ও মেডিকেল সম্পন্ন করে সফলভাবে রোস্টারভুক্ত হন। এই তথ্য কৌশলে সংগ্রহ করে প্রতারক চক্রের মূলহোতা আহসান হাবীব ও তার সহযোগীরা। চলতি ১৪ জুন আহসান হাবীব ভুক্তভোগী মেরাজের বাড়িতে গিয়ে কোরিয়ান একটি কোম্পানির ভুয়া কাগজ দেখিয়ে দাবি করে যে, ১৬ লাখ টাকা না দিলে তার ভিসা বাতিল করে দেওয়া হবে। ভিসা প্রাপ্তির শতভাগ নিশ্চয়তা দিয়ে তারা অগ্রিম ১ লাখ টাকা দাবি করে।

এতে মেরাজ আলীর সন্দেহ হলে তিনি গত ১৫ জুন ঢাকার ইস্কাটন গার্ডেনে অবস্থিত বোয়েসেল কার্যালয়ে উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বোয়েসেল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে মেরাজকে জানায়, কোরিয়ায় এভাবে চুক্তির মাধ্যমে কর্মী যাওয়ার কোনো সুযোগ নেই এবং এটি একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের কাজ। একই সাথে বোয়েসেল কর্তৃপক্ষ মেরাজকে কোনো প্রকার অর্থ লেনদেন না করার পরামর্শ দেয় এবং প্রতারকদের আইনের আওতায় আনতে একটি ফাঁদ পাতে।

পরিকল্পনা অনুযায়ী, আজ দুপুরে রাজশাহীর নওদাপাড়া আমচত্বর মোড়ের ডাচ-বাংলা এটিএম বুথের সামনে যখন আসামি আহসান হাবীব অগ্রিম টাকা নিতে আসে, তখন সেখানে ছদ্মবেশে উপস্থিত বোয়েসেল-এর উপ-মহাব্যবস্থাপক (বৈদেশিক নিয়োগ) ও সিনিয়র সহকারী সচিব  নু-এমং মারমা মং এবং ব্যবস্থাপক (বৈদেশিক নিয়োগ-২) রিফাত তাহনীম রাজশাহী জেলা প্রশাসনের সহায়তায় তাকে হাতেনাতে আটক করেন। উপস্থিত সাক্ষীদের সামনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি আহসান হাবীব কোরিয়াগামী কর্মীদের তথ্য চুরি করে অবৈধভাবে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টার কথা স্বীকার করে।

পরবর্তীতে আটককৃত আসামিকে বোয়েসেল কর্মকর্তা ও জেলা প্রশাসনের সহায়তায় রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় সোপর্দ করা হয় এবং ভুক্তভোগী মেরাজ আলী বাদী হয়ে একটি এজাহার দায়ের করেন।

এ বিষয়ে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম স্পষ্ট করে জানান, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সরকারি নিয়মে বোয়েসেলের মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠানো হয়। এখানে কোনো মধ্যস্বত্বভোগী বা এজেন্টের মাধ্যমে ভিসা পাওয়ার বা বাতিল করার কোনো সুযোগ নেই। 

এই ধরণের প্রতারক চক্রের হাত থেকে রক্ষা পেতে সকলকে সচেতন থাকার এবং প্রয়োজনে তাৎক্ষণিকভাবে বোয়েসেল কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।