বাসস
  ১৫ জুন ২০২৬, ২১:৩৯

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেফতার

ঢাকা, ১৫ জুন, ২০২৬ (বাসস): জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা ও অভিবাসী চোরাচালানের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেফতারকৃতরা হচ্ছে- মাঞ্জুর প্রধানিয়া (৩৫), মো. ওসমান গনি (২৫), ও কাজী মো. আতা-ই-রাব্বি (২৮)।

সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সিআইডির মানব পাচার মনিটরিং সেলের একটি দল সোমবার বিকেলে উত্তর বাড্ডাস্থ রূপায়ণ মিলেনিয়াম স্কয়ারে অবস্থিত ‘সুরাহ ট্রাভেলস এন্ড ট্রেডারস’-এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক তদন্তে সিআইডি জানতে পারে জর্ডানের আম্মানে আল-তাজামুয়াত ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে অবস্থিত ‘জেরাশ গার্মেন্টস এন্ড ফ্যাশন ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড’-এর নাম, লোগো ও সিলমোহর জাল করে সুরাহ ট্রাভেলস এন্ড ট্রেডারস নামক প্রতিষ্ঠানটি জর্ডানে শ্রমিক ভিসায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে জনপ্রতি ২ লাখ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত আদায় করে আসছিল। এ বিষয়ে জর্ডানে অবস্থিত জেরাশ গার্মেন্টস এন্ড ফ্যাশন ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাস, জর্ডানের মাধ্যমে অভিযোগ দাখিল করে।

পরবর্তীতে অভিযোগটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরিত হলে বিষয়টি তদন্তের জন্য সিআইডির মানব পাচার মনিটরিং সেল অনুসন্ধান শুরু করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুরাহ ট্রাভেলস এন্ড ট্রেডারস মূলত একটি ট্রাভেল এজেন্সি হলেও তাদের কোনো বৈধ রিক্রুটিং লাইসেন্স নেই। তা সত্ত্বেও প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পেজ ব্যবহার করে জর্ডান, সৌদি আরব, সার্বিয়া, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে শ্রমিক পাঠানোর বিজ্ঞাপন প্রচার করে আসছিল।

এতে আরও বলা হয়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযানে প্রতিষ্ঠান থেকে ৫৫টি বাংলাদেশি পাসপোর্ট, ১৬টি বিদেশগমন সংক্রান্ত চুক্তিনামা, ২টি সিপিইউ এবং ১টি ডিভিআর জব্দ করা হয়। জব্দকৃত পাসপোর্টগুলোর মধ্যে ১৮টি জর্ডানে এবং অবশিষ্ট পাসপোর্টগুলো সৌদি আরবে গমনেচ্ছুক ব্যক্তিদের বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন না থাকা সত্ত্বেও অভিযুক্তরা বিদেশে কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিল। এ ব্যাপারে রাজধানীর বাড্ডা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।