শিরোনাম

রাজশাহী, ১৫ জুন, ২০২৬ (বাসস) : রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন রাজশাহী মহানগর বিএনপি’র সহ-সভাপতি আবুল কালাম আজাদ সুইট। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আরডিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মশিউর রহমান নয়া চেয়ারম্যানকে দায়িত্ব বুঝিয়ে দেন।
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলেন তিন।
এ সময় তিনি বলেন, আরডিএ’কে নতুনভাবে সাজানো হবে। এখানে কোনো অনিয়ম ও দুর্নীতি বরদাস্ত করা হবে না। আজকে প্রথম দিন।সবার সাথে বসে আগামীর করণীয় ঠিক করা হবে। এই দপ্তর জনগণের জন্য খোলা থাকবে। দায়িত্ব গ্রহণের পর থেকেই দলীয় নেতাকর্মী ও বিভিন্ন পেশাজীবী সংগঠন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি মামুন অর রশিদ, সহ-সভাপতি এডভোকেট আশরাফ আলী মাসুম, শফিকুল ইসলাম সাফিক, জয়নুল আবেদীন শিল্পী, জেলা বিএনপি’র সদস্য ও নওহাটা পৌর বিএনপি’র সাবেক সভাপতি এবং পৌর সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, শাহ মখদুম থানা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক, রাজশাহী মহানগর যুবদলের সাবেক আহবায়ক আব্দুল কাদের বকুল, মহানগর যুবদলের সদস্য কামরুজ্জামান মিলন, কৃষক দল রাজশাহী জেলা শাখার আহবায়ক শফিকুল আলম সমাপ্তসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।