বাসস
  ১৪ জুন ২০২৬, ১৭:৫৪

খুলনায় ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠায় চীনের সহায়তা চাইলেন কেসিসি প্রশাসক

ছবি: বাসস

খুলনা, ১৪ জুন, ২০২৬, (বাসস): খুলনায় ক্যান্সার চিকিৎসার জন্য আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ একটি হাসপাতাল প্রতিষ্ঠার জন্য চীনের সহযোগিতা চেয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

আজ রোববার সকাল সাড়ে ১০টায় নগর ভবনের জিআইজেড মিলনায়তনে ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

সেমিনারে উপস্থিত চীন থেকে আগত কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ক্যান্সার চিকিৎসার সর্বাধুনিক ব্যবস্থাপনা বলতে গেলে আমাদের দেশে নেই। 

এ কারণে এই রোগের চিকিৎসা অনেকটাই দেশের বাইরের হাসপাতালগুলোর ওপর নির্ভরশীল।

এছাড়াও পদ্মার এপারে ক্যান্সার চিকিৎসার ভালো কে নো ব্যবস্থা নেই। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একটি ক্যান্সার ইউনিট প্রতিষ্ঠার কাজ দ্রুতই শেষ হবে। কিন্তু ক্যান্সার চিকিৎসার জন্য তা যথেষ্ট নয়। 

এ কারণে তিনি খুলনায় ক্যান্সার চিকিৎসার জন্য আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ একটি হাসপাতাল প্রতিষ্ঠার জন্য চীন থেকে আগত কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

প্রশাসক চীনের হাসপাতাল থেকে অনলাইনে চিকিৎসা পরামর্শ প্রদানের ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভাষা সমস্যা দূরীকরণ এবং ভিসা সহজীকরণের ওপরও গুরুত্বারোপ করেন।

সেমিনারে সভাপতিত্ব করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ। বিশেষ অতিথি ছিলেন চীনের মাল্টিস্পেশালিটি হাসপাতাল ফোসান ফোচুন চ্যানছেং হাসাপাতালের ডেপুটি ডিরেক্টর ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর হান লিয়াংফু এবং ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মিস লিলি উই।

অনুষ্ঠান পরিচালনা করেন এসইওকে হেলথকেয়ার-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এম. এম. মাসুমুজ্জামান।

সেমিনারে ফোসান ফোসুন চ্যানছেং হাসপাতালের প্রতিনিধিরা হাসপাতালটির আন্তর্জাতিক মানের চিকিৎসা সুবিধা, ক্যান্সার চিকিৎসায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বৈশ্বিক রোগীসেবার অভিজ্ঞতা তুলে ধরেন। 

সময়মতো রোগ নির্ণয়ের গুরুত্ব, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং আধুনিক ক্যান্সার চিকিৎসার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন। 

পাশাপাশি সকালে ঘুম থেকে ওঠা, নিয়মিত শরীর চর্চা এবং হিমায়িত ও তৈলাক্ত খাবারে নিরুৎসাহিত করা, তামাকজাত ও এ্যালকোহল বর্জনের মাধ্যমে ক্যান্সারজনিত ঝুঁকি ও মৃত্যুহার কমানো সম্ভব বলে সেমিনারে উল্লেখ করা হয়। 

এছাড়া কমপক্ষে বছরে একবার শারীরিক চেকআপ করানোর বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

কেসিসি’র সচিব মো. রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান পরিকল্পনা কর্মতকর্তা আবির উল জব্বার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, বাজেট কাম অ্যাকাউন্টস অফিসার মো. মনিরুজ্জামান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান, আর্কিটেক্ট রেজবিনা খানম, কঞ্জারভেন্সি অফিসার মো. ওয়াহিদুজ্জামান খান, ভেটেরিনারি সার্জন ডা. পেরু গোপাল বিশ্বাস, বাজার কর্মকর্তা শেখ শফিকুল হাসান, সিনিয়র লাইন্সেস অফিসার মো. মনিরুজ্জামান রহিমসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও কেসিসি’র শাখা প্রধানগণ সেমিনারে অংশগ্রহণ করেন।