শিরোনাম

নেত্রকোণা, ১৪ জুন, ২০২৬ (বাসস): জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের এমপি ব্যারিস্টার কায়সার কামালের ব্যক্তিগত উদ্যোগে বিদ্যুৎ দুর্ঘটনায় দুই হাত হারানো নূরুল আমিনের জন্য নতুন ঘর নির্মাণ করা হয়েছে। ভুক্তভোগী জেলার কলমাকান্দা উপজেলার বাসিন্দা।
গতকাল (শনিবার) বিকেলে আনুষ্ঠানিকভাবে নবনির্মিত ঘরটি নূরুল আমিনের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘদিনের অনিশ্চয়তা ও মানবেতর জীবনযাপনের পর মাথাগোঁজার স্থায়ী ঠিকানা পেয়ে পরিবারটিতে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের বাসিন্দা নূরুল আমিন জীবিকার প্রয়োজনে ঢাকার একটি বেসরকারি কারখানায় কাজ নেন। ২০২১ সালে কর্মস্থলে ভয়াবহ বৈদ্যুতিক দুর্ঘটনার শিকার হয়ে তিনি গুরুতর আহত হন এবং তার দুটি হাতই কেটে ফেলতে হয়।
দীর্ঘ এক বছর চিকিৎসাধীন থাকার পর কর্মক্ষমতা হারিয়ে তিনি নিজ গ্রামে ফিরে আসেন। বর্তমানে স্ত্রী ও তিন কন্যা সন্তান নিয়ে চরম আর্থিক সংকটের মধ্যে জীবনযাপন করছেন। তার ছোট ভাই শামীম মিয়া সীমিত সামর্থ্য নিয়েও পরিবারটির পাশে দাঁড়িয়েছেন।
গত ২১ মে সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটর আব্দুর রশিদ তার সামাজিক যোগাযোগমাধ্যমে নূরুল আমিনের জীবনসংগ্রাম ও মানবিক সংকট নিয়ে একটি ভিডিও প্রকাশ করে সহায়তার আহ্বান জানান।
ভিডিওটি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নজরে আসে। তিনি নূরুল আমিনের জন্য একটি ঘর নির্মাণের আশ্বাস দেন এবং অল্প সময়ের মধ্যেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন।
নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত নূরুল আমিন বলেন, 'আজ আমার সন্তানদের জন্য একটি নিরাপদ আশ্রয় হল।
আমি কখনো ভাবিনি কেউ এভাবে আমাদের পাশে দাঁড়াবে। ডেপুটি স্পিকার ও সাংবাদিক আব্দুর রশিদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।'
মানবিক এ উদ্যোগের প্রশংসা করে কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম বলেন, 'সাংবাদিকতার অন্যতম দায়িত্ব সমাজের অসহায় মানুষের কথা তুলে ধরা। সহকর্মী আব্দুর রশিদের করা মানবিক আবেদন প্রতিবেদনে সাড়া দিয়ে ডেপুটি স্পিকার যে আন্তরিকতার পরিচয় দিয়েছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।
একজন জনপ্রতিনিধি ও একজন সাংবাদিকের যৌথ উদ্যোগে একটি অসহায় পরিবার নতুন জীবনের স্বপ্ন দেখার সুযোগ পেয়েছে, যা মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।'
ঘর হস্তান্তর অনুষ্ঠানে এইচ আর নাজিম, জহিরুল ইসলাম, মো. সোলেমান হক, হাফেজ মাওলানা এমদাদুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।