শিরোনাম

ঢাকা, ১৩ জুন ২০২৬ (বাসস) : বস্তুনিষ্ঠ ও সৎ সাংবাদিকতা দেশের উন্নয়ন এবং অগ্রযাত্রাকে বেগবান করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘জিটিভি’ (গাজী টেলিভিশন)-এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আজ শনিবার এ কথা বলেন।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জিটিভির ১৫ বছর পূর্তির আনন্দঘন ক্ষণকে স্মরণীয় করে রাখতে কেক কাটেন এবং চ্যানেলটির সকল কর্মকর্তা, কলাকুশলী ও দর্শকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
প্রতিমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করে বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। তবে এই স্বাধীনতার সাথে দায়িত্বশীলতাও জড়িয়ে রয়েছে। দেশের উন্নয়ন, অগ্রগতি ও গণতন্ত্রের অগ্রযাত্রায় গণমাধ্যমকে আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি যেকোনো ধরনের সৎ ও সাহসী সাংবাদিকতার পাশে থাকার দৃঢ় ঘোষণা দিয়ে বলেন, যারা সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা করেন, সরকার সবসময় তাদের পাশে থাকবে। অপসাংবাদিকতা ও অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দেশের কল্যাণে সাংবাদিকদের নির্ভীক ভূমিকা পালন করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে জিটিভির সাংবাদিক ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব, সাংবাদিক এবং সমাজের বিভিন্ন স্তরের সুধীজন উপস্থিত ছিলেন।
বক্তারা, গত ১৫ বছরে দেশের তথ্য-বিনোদন ও সংবাদ প্রকাশে জিটিভির ভূমিকার প্রশংসা করেন এবং আগামী দিনগুলোতে চ্যানেলটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।