বাসস
  ১২ জুন ২০২৬, ১৭:২৫

সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। ছবি: বাসস

সাতক্ষীরা, ১২ জুন, ২০২৬ (বাসস) : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ওষুধ, চিংড়ি মাছের রেণু ও মদ জব্দ করা হয়েছে। সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, কাঁকডাঙ্গা, মাদরা, হিজলদী ও ঝাউডাঙ্গা বিওপি’র আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে শুক্রবার এসব মালামাল জব্দ করা হয়। জব্দ ভারতীয় মালামালের বাজার মূল্য ১৪ লাখ ৫৭ হাজার ৫শ’ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপি’র বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার বাদামতলা নামক স্থান হতে ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা, কাঁকডাঙ্গা বিওপি’র পৃথক দু’টি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি ও ভাদিয়ালি নামক স্থান হতে ভারতীয় ওষুধ ও ১৫ বোতল মদ, মাদরা বিওপি’র বিশেষ আভিযানিক দল একই উপজেলার রাজপুর নামক স্থান হতে এবং হিজলদী বিওপি’র বিশেষ আভিযানিক দল বড়ালি নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

এছাড়া, ঝাউডাঙ্গা ক্যাম্প এর বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার বোয়ালিয়া নামক স্থান হতে ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা জব্দ করে। জব্দ মালামালের সর্বমোট বাজার মূল্য ১৪ লাখ ৫৭ হাজার ৫শ’ টাকা। তবে, বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করতে সক্ষম হয়নি বিজিবি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি বাসস’কে নিশ্চিত করে জানান, জব্দ ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া, জব্দ মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে। 

তিনি আরো জানান, চোরাচালান প্রতিরোধে বিজিবি’র এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।