বাসস
  ১১ জুন ২০২৬, ২০:২২

বাংলাদেশে স্বেচ্ছাসেবক সহযোগিতা জোরদারে আগ্রহী কোইকা

ঢাকা, ১১ জুন, ২০২৬ (বাসস) : কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (কোইকা) বাংলাদেশে তাদের স্বেচ্ছাসেবক সহযোগিতা আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে।

আজ বৃহস্পতিবার ঢাকায় একটি শহরের হোটেলে অনুষ্ঠিত এক কর্মশালায় এই আগ্রহের কথা জানানো হয়। কর্মশালাটি আয়োজন করে কোইকার বাংলাদেশ অফিস, যেখানে দেশের বিভিন্ন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি), বিশ্ববিদ্যালয়ের ভাষা ইনস্টিটিউট, কোরিয়ান ভাষা শিক্ষক এবং অংশীদার প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা অংশ নেন।

২০২৬ সালের ওয়ার্ল্ড ফ্রেন্ডস কোরিয়া (ডব্লিউএফকে) হোস্ট অর্গানাইজেশন কর্মশালায় উদ্বোধনী বক্তব্যে কোইকা বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর জি হুন কিম বাংলাদেশে স্বেচ্ছাসেবক কার্যক্রমের কার্যকারিতা ও প্রভাব নিশ্চিত করতে অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে শক্তিশালী সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, ডব্লিউএফকে স্বেচ্ছাসেবক কর্মসূচি সাংস্কৃতিক বিনিময়কে উৎসাহিত করে এবং বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) উপসচিব ইরিন পারভীন। তিনি অংশীদার প্রতিষ্ঠানের সহযোগিতামূলক উদ্যোগের প্রশংসা করেন এবং কর্মসূচির দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করতে অভিজ্ঞতা ও ধারণা বিনিময়ের ওপর গুরুত্ব দেন।

এছাড়া অনুষ্ঠানে অংশ নেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) উপপরিচালক (প্রশিক্ষণ) প্রকৌশলী মো. নুরুজ্জামান।

কর্মশালায় সাংস্কৃতিক সহযোগিতা, স্বেচ্ছাসেবক সম্পৃক্ততা এবং কোইকা ও অংশীদার প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণকারীরা গ্রুপ আলোচনার মাধ্যমে বাংলাদেশে কর্মরত স্বেচ্ছাসেবকদের মূল দক্ষতা ও প্রত্যাশা নিয়ে মতবিনিময় করেন।

সমাপনী অধিবেশনে বক্তব্য দেন কোইকা বাংলাদেশ ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জুনসু কিম।

কোইকার তথ্যমতে, এবারের কর্মশালায় টিটিসি এবং বিশ্ববিদ্যালয়ের ভাষা ইনস্টিটিউটগুলোর অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে, যারা ডব্লিউএফকে কর্মসূচির আওতায় কোরিয়ান ভাষা শিক্ষক হোস্ট করে থাকে।

এটি বাংলাদেশে দক্ষতা উন্নয়ন ও মানবসম্পদ সক্ষমতা বৃদ্ধিতে এই কর্মসূচির ক্রমবর্ধমান অবদানকে প্রতিফলিত করে।