বাসস
  ০১ জুন ২০২৬, ১৯:৫৫

ঢাকার দুই সিটি কর্পোরেশনের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

ঢাকা, ১ জুন, ২০২৬ (বাসস): ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে কর্মরত উপসচিব মর্যাদার দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বরখাস্তকৃত দুই কর্মকর্তা হলেন- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) কাজী সালেহ মুস্তানজির ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) সাদেকুর রহমান। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে আজ সোমবার এ দুজনকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮ এর ৩৯(১) ধারা অনুযায়ী অসদাচরণের অভিযোগে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং ২০২৬ সালের ১ জুন থেকে এই আদেশ কার্যকর হবে। তবে সাময়িক বরখাস্তকালীন সময়ে তারা বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।