শিরোনাম

ঢাকা, ৩১ মে, ২০২৬ (বাসস) : রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং বেইলি রোডের মনোয়ারা হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে আদ-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার বিকেলে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে আদ-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যান্টিনে সংরক্ষিত খাদ্যসামগ্রী এবং হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও রান্নাঘর পরিদর্শন করা হয়। এ সময় ক্যান্টিনের ফ্রিজে লেবেলবিহীন ও জমাটবদ্ধ বাসি মিষ্টি সংরক্ষণ, রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশ, বিভিন্ন ওয়ার্ডে পর্যাপ্ত আলো-বাতাসের অভাব এবং হাসপাতালের রেফ্রিজারেটরে তাপমাত্রা পরিমাপক যন্ত্র না থাকার মতো একাধিক অনিয়ম ধরা পড়ে।
এসব অপরাধের জন্য ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা এবং নিরাপদ খাদ্য আইনে ২ লাখ টাকা জরিমানা করা হয়। মোট ৩ লাখ টাকার জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
জরিমানার পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষকে সামগ্রিক পরিবেশ উন্নয়ন, রোগীদের জন্য পর্যাপ্ত আলো-বাতাস নিশ্চিতকরণ, রেফ্রিজারেটরে তাপমাত্রা পরিমাপক যন্ত্র স্থাপন, ক্যান্টিনের মানোন্নয়ন এবং বেকারি স্থানান্তরের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ও সতর্ক করা হয়।
এদিকে, একই দিনে বেইলি রোডের মনোয়ারা হাসপাতালেও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সেখানে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও সেবার মান পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়।
অভিযানে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (হাসপাতাল) ডা. মো. মাহমুদুর রহমান, ডিএসসিসির অঞ্চল-১ এর স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফারিয়া ফয়েজ, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়া, রমনা থানার পুলিশ সদস্যসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, জনস্বার্থে হাসপাতাল, খাদ্য প্রতিষ্ঠান ও অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানে এ ধরনের যৌথ ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।