শিরোনাম

খুলনা, ৩১ মে, ২০২৬, (বাসস): খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব নিয়েই বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন।
তিনি শুধু বাংলাদেশকেই ক্ষুদ্র-দারিদ্র্য মুক্ত স্বনির্ভর আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলেননি, বিশ্বশান্তি প্রতিষ্ঠায়ও অতুলনীয় ভূমিকা রেখেছিলেন।
সৌদি আরবে তীব্র গরমে হাজীদের কষ্ট লাঘবে নিম গাছ রোপন করে মুসলিম উম্মাহর খেদমতে নজীরবিহীন অবদান রেখেছিলেন। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর তুলনা শুধু তিনি নিজেই।
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে খুলনা জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আজ রোববার বিকেলে নগরীর কে. ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে জেলা বিএনপির ছয়দিনের কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনে ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের ২৬ শে মার্চ দিশেহারা জাতির সামনে জীবনবাজী রেখে সেনা বাহিনীর একজন অকুতোভয় দেশপ্রেমিক কর্মকর্তা জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।
তিনি শুধু মহান স্বাধীনতার ঘোষণা দিয়েই ক্ষ্যান্ত থাকেননি, নিজেই রণাঙ্গণে সম্মুখসারিতে লড়াই করেছেন, নেতৃত্ব দিয়েছিলেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি আবার সরকারি চাকরিতেই ফিরে গিয়েছিলেন। ক্ষমতার মোহ কখনোই তাকে স্পর্শ করতে পারেনি।
বিএনপি নেতা মনিরুজ্জামান মন্টু বলেন, মাত্র সাড়ে তিন বছর রাষ্ট্র পরিচালনায় তিনি যে সততা, নিষ্ঠা, কর্মপরিকল্পনা, দেশ প্রেম ও বাংলাদেশকে বিশ্বদরবারে সুপরিচিতির অবদান রেখে গেছেন বাংলাদেশের ইতিহাসে এখনও তাকে কেউ স্পর্শ করতে পারেননি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য আশরাফুল আলম নান্নু। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু জাফরের সভাপতিত্বে সদস্য সচিব ইসমাইল হোসেন খানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আশরাফুল ইসলাম নূর, জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মাকসুদ আলম, কাজী রিয়াজুল ইসলাম বাবু, মোস্তাক আহম্মেদ, মাহমুদুল হাসান, বিএম সাজেদ হোসেন সজল, সোহান মোল্লা, ইয়াসির আরাফাত, সাব্বির আলম বাব প্রমুখ।