শিরোনাম

নাটোর, ৩১ মে, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নাটোর জেলার ১৬টি প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দকৃত ৫০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ সব চেক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে তুলে দেন নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
চেক বিতরণ অনুষ্ঠানে হুইপ বলেন, দেশের প্রতিটি সংকটময় সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেতৃত্ব দিয়ে জাতিকে পথ দেখিয়েছেন। মহান স্বাধীনতা অর্জন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাঁর অবদান দেশের মানুষ চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তিনি বলেন, দেশের জনগণের হৃদয়ে শহীদ জিয়ার স্থান চিরস্থায়ী। তাঁর আদর্শ ও কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। দেশ ও জাতির কল্যাণে তাঁর অবদানের জন্য কৃতজ্ঞচিত্তে তাঁকে স্মরণ করবে বাংলাদেশ।
শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও এগিয়ে নিতে কাজ করছেন উল্লেখ করে হুইপ বলেন, রাষ্ট্রের উন্নয়ন, গণতন্ত্রের বিকাশ ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এ সময় সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সবাইকে সহায়ক শক্তি হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— নাটোর পৌরসভার সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন ও কাজী শাহ আলম, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহীন।
অনুষ্ঠান শেষে উপকারভোগী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত এই অনুদানের জন্য সরকারকে ধন্যবাদ জানান এবং জনকল্যাণমূলক কাজে অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।