বাসস
  ৩১ মে ২০২৬, ২০:১৫

নৌযানের কারণে মানুষের ভোগান্তি মেনে নেব না : নৌ পরিবহন প্রতিমন্ত্রী

ছবি: বাসস

ভোলা, ৩১ মে, ২০২৬, (বাসস) : নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, নৌযানের কারণে মানুষের কোনো ভোগান্তি মেনে নেব না।

যে যে জায়গায় নৌ পরিবহনের আরও জাহাজ দরকার আমরা সেখানে আমাদের সামর্থ অনুযায়ী সেখানে জাহাজ দেয়ার চেষ্টা করবো। দেশের কোনো অঞ্চলের নাগরিকরা নৌ পরিবহনের জন্য ভোগান্তির শিকার হবে এটা আমরা হতে দেব না।

আজ রোববার বিকেল সোয়া চারটায় ভোলার ইলিশা লঞ্চঘাট পরির্দশন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা নৌ শুমারির মাধ্যমে চিহ্নিত করছি নৌযানের সংখ্যা। নৌযানের ক্যাপাসিটির ওপর নির্ভর করে সেগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসা হবে। এই কার্যক্রম শেষ হলে অবৈধ নৌযান আর থাকবে না আর চলতে পারবে না।

তিনি বলেন, ঈদুল আযহা আমাদের দায়িত্ব ছিল মানুষগুলোকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিয়েছি। আবার তাদের নিরাপদে কর্মস্থলে পৌঁছে দেয়ার লক্ষেই আমরা কাজ করছি।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান এবং ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।

এছাড়াও উপস্থিত ছিলেন ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলামসহ নৌপরিবহন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলা পুলিশের অন্যান্য সদস্যগণ।