বাসস
  ৩১ মে ২০২৬, ১৯:৫৩

চট্টগ্রামে দেড় টন খনিজ কয়লাসহ চোরাচালানের মালামাল জব্দ

ছবি: বাসস

চট্টগ্রাম, ৩১ মে ২০২৬ (বাসস): চট্টগ্রামের পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে বিশেষ অভিযান চালিয়ে দেড় টন খনিজ কয়লা, ৩শ’ কেজি গম, ৩০ কেজি স্ক্র্যাপ এবং চোরাচালানে ব্যবহৃত একটি কাঠের বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আজ (রোববার) বিকেলে কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সুমন আল মুকিত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল (শনিবার) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা কর্ণফুলী নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় সন্দেহভাজন একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের দেড় টন খনিজ কয়লা, ৩শ’ কেজি গম, ৩০ কেজি স্ক্র্যাপ সহ চোরাচালান কাজে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়।

তবে অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায় বলে জানানো হয়েছে। জব্দ করা মালামাল ও বোটের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

কোস্ট গার্ড আরও জানিয়েছে, উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।