শিরোনাম

সাভার, ৩০ মে, ২০২৬ (বাসস) : সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপি বলেছেন, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে স্বপ্ন ছিল স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বের, তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখতে যে কোনো ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত আছে বিএনপি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আজ শনিবার ঢাকা-২ আসনের আওতাধীন সাভারের আমিনবাজার, ভাকুর্তা ও তেঁতুলঝোড়া ইউনিয়নের পৃথক পৃথক স্থানে বিএনপি আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমান উল্লাহ আমান জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা-২ আসনে ২০০টি স্থানে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের যে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে, তা রক্ষা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখাই হবে আজকের দিনে তাঁর শাহাদাতবার্ষিকীতে আমাদের দৃঢ় প্রত্যয়।
পরে,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
শাহাদাতবার্ষিকীর কর্মসূচিতে স্থানীয় বিএনপি এবং এর সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।